চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকছড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম (৪০) ও পথচারী মো: হাফিজ (৩০)। আহতরা হলেন মানিকছড়ি থানার কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) ও মোটরসাইকেল-আরোহী মো: ইয়াছিন (২০)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জের গজারিয়ার মো: লিয়াকতের ছেলে এবং মো: হাফিজ মানিকছড়ির ফকিরটিলা এলাকার মরহুম মো: ইসমাইলের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আমতল এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই এসআই সাইফুল ও পথচারী হাফিজের মৃত্যু হয়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র : বাসস



