আগামী ১১ জুলাই ফেনীতে অনুষ্ঠিতব্য গণসংযোগ ও গণসংলাপকে সামনে রেখে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ফেনী জেলা শাখার উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে দলটি কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ করিম চৌধুরী, রবিউল করিম, অ্যাডভোকেট সানাউল্লাহ পাটোয়ারী ও ফেনী জেলার সংগঠকরা উপস্থিত ছিলেন।
সভায় জুলাই বিপ্লবের ঐতিহাসিক ভূমি ফেনীতে জুলাই মাসে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে আটজন শহীদ হয়েছিলেন এবং শতাধিক লোক আহত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ জানায়, জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি ধারণ ও ফেনীবাসীর সাথে গণসংযোগের উদ্দেশে ‘জুলাইয়ের পথে, জনতার সাথে’ নামক দেশব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১১ জুলাই আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেনীতে আসবেন। এই গণসংযোগ ও গণসংলাপ কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রস্তুতি সভায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।



