নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘অপরাধীর কোনো রঙ নেই, অপরাধী শুধু অপরাধী। সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে। কোনো অপরাধের তথ্য গোপন না করে দ্রুত প্রশাসনকে জানানো নাগরিক হিসেবে সবার দায়িত্ব। সবাই সতর্ক ও সহযোগিতা করলে সমাজে অপরাধের মাত্রা কমে আসবে।’
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার শিকার পরিবারদের মাঝে চেক বিতরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও খেলার সমগ্রী বিতরণ এবং কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘অপরাধ সঙ্ঘটিত হলে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। এতে যারা অপরাধ করার চিন্তা করে তারাও সতর্ক হবে এবং একই ধরনের অপরাধ পুনরায় ঘটানোর সাহস পাবে না। কোনো অপরাধকেই ছোট করে দেখার সুযোগ নেই।’
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অনেকেই।



