ড. আসাদুজ্জামান রিপন

দেশ রক্ষার স্বার্থে আমাদের ঐক্যের বিকল্প নাই

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘জাতীয় সংসদে আমরা সৎ, শিক্ষিত, যোগ্য মানুষ চাই। এসব মানুষ যদি জাতীয় সংসদে যায় তবে কোনো মাদক, বালুদস্যু থাকবে না।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘দেশ এখন সংকটের মধ্যে রয়েছে। এই সংকট থেকে আমাদের বাঁচতে হবে। সবাইকে বাঁচতে হলে, দেশকে রক্ষা করতে হলে, আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যারা জুলাই-আগস্টের শক্তি, আমরা যারা মাঠে ছিলাম, আমাদের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা-স্বার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দল এবং সেনাবাহিনীসহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাতে আগামী দিনের যেকোনো সঙ্কট মোকাবিলা করতে পারবো, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ।

শুক্রবার (২৩ মে) বিকেলে মুন্সীগঞ্জ-২(লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং উপজেলার মেদীনিমন্ডল ইউনিয়নের মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও মাদকবিরোধী গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড.আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা মাঝেমধ্যে দেখি সেনাপ্রধানকে কেউ কেউ বিতর্কিত করার চেষ্টা করছে, এটা ভালো লক্ষণ নয়। এটা দেশের জন্য ভালো দিক নয়। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। অযথা সেনাপ্রধানকে জড়িয়ে কোনো বিতর্ক করা ঠিক হবে না। এই সেনাপ্রধানের অবশ্যই ইতিবাচক ভুমিকা ছিলো বলেই ৫ আগস্টের বিপ্লব সফল হয়েছে। আমরা কোনোভাবেই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক-বিতর্কিতমূলক কথা বরদাস্ত করব না।’

তিনি আরো বলেন, ‘জাতীয় সংসদে আমরা সৎ, শিক্ষিত, যোগ্য মানুষ চাই। এসব মানুষ যদি জাতীয় সংসদে যায় তবে কোনো মাদক, বালুদস্যু থাকবে না। ইতিপূর্বে এখানে বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসন যেভাবে ব্যবস্থা নিয়েছে, ঠিক সেভাবেই মাদক বিক্রেতা, মাদকসেবী ও মাদক দস্যুদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবেন বলে আমরা আশা করছি।’

উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন নসুর সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা আতাউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেড জাকারিয়া মোল্লা, বিএনপি নেতা কামাল খান, জিয়াউল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের শেখ সোলায়মান তপু, বায়োজীদ আহমেদ, জহির আহমেদ, সাহাদত হোসেন প্রমুখসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।