টানেলে ৪ রাত গাড়ি চলবে এক টিউবে

এ সময় আনোয়ারা টু পতেঙ্গামুখী টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখী যান চলাচল চালু থাকবে।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
সংগৃহীত

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার রাত আংশিকভাবে বন্ধ থাকবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের একটি টিউব। এ সময় নিয়ন্ত্রিতভাবে একমুখী যান চলাচল চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো: মাসুদ রানা শিকদার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেট ফ্যান পরিষ্কার, রোড মার্কিংসহ নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পতেঙ্গা টু আনোয়ারামুখী টিউবটি বন্ধ থাকবে। এ সময় আনোয়ারা টু পতেঙ্গামুখী টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখী যান চলাচল চালু থাকবে।

সেতু কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই সময় টানেলের দুই প্রান্তে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন যানবাহন চলাচলের নিরাপত্তা ও স্বাভাবিকতা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হয়।