পঞ্চগড়ের দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তিনি দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন। এ সময় ঢাকা থেকে আগত বেশ কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ীও তার সাথে ছিলেন।
পরিদর্শনকালে মোহাম্মদ হাতেম বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয়ের আহ্বানে আমরা এখানে এসেছি। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে আঞ্চলিক সমতার ভিত্তিতে উন্নয়ন চান। সেই ধারাবাহিকতায় উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। গত ২৩ মার্চ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর এ স্থান পরিদর্শন করেছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন।’
তিনি আরো বলেন, ‘এখানে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা গেলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও জীবনমানের উন্নয়ন হবে। আমরা সরকারের সাথে আলোচনা করে এটি বাস্তবায়নের চেষ্টা করব।’
উল্লেখ্য, ২০২০ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনের সাথে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)-এর চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাথমিকভাবে ৬০২ দশমিক ৪২ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে ২৫০ দশমিক ৮৫ একর নির্ধারণ করা হয়। এর মধ্যে ২৪০ একর অর্থনৈতিক অঞ্চল ও ১০ দশমিক ৮৫ একর সংযোগ সড়কের জন্য নির্ধারিত। ইতোমধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি বেজার অনুকূলে বন্দোবস্ত দেয়া হয়েছে। বাকি জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



