নাটোরের লালপুরে মো: কলিমদ্দিন (৫৬) নামে এক চালককে মারধর করে আম গাছের সাথে বেঁধে রেখে অটোভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩১ মে) রাত সাড়ে আটটার দিকে লালপুর উপজেলার হাইওয়ে সড়ক সংলগ্ন মঞ্জিলপুকুর-খা পাড়া বাকনাই এলাকার লুৎফর রহমান মাস্টারের আমবাগানের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোভ্যান চালক কলিমদ্দিন উপজেলার বড়বড়িয়া গ্রামের মরহুম আজাহার প্রামাণিকের ছেলে।
কলিমদ্দিন জানান, কচুয়া বাজার থেকে দুইজন অপরিচিত ব্যক্তি যাত্রীবেশে তার ব্যাটারিচালিত অটোভ্যান ভাড়া করে। পরে মঞ্জিলপুকুর-খাপাড়া হাইওয়ে সড়কে পৌঁছালে আরো ছয়জন অজ্ঞাত ব্যক্তি অটোভ্যানে ওঠে। মোট আটজন যাত্রী নিয়ে কাঁচা রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে তাকে জোরপূর্বক নামিয়ে আমবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে কিল-ঘুসি ও লাথি মেরে আহত করে এবং একটি আমগাছের সাথে বেঁধে রাখে। এরপর তার ব্যাটারিচালিত অটোভ্যান, একটি বাটন মোবাইল ফোন ও নগদ এক হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা কলিমদ্দিনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় রাত সোয়া ১১টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। লুট হওয়া মালামালও উদ্ধার হয়নি।
অন্যদিকে, রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারি চালিত একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



