মায়ের কাছে ডিম খাওয়ার আবদার পূরণ হলো না ছোট্ট শিশুটির

বাড়ির সামনে খেলার সময় ট্রলির পেছনে দৌঁড়াতে গিয়ে ধাক্কা লেগে লিমনের মাথা, নাক, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
দুর্ঘটনার পর হাসপাতালে শিশুটি
দুর্ঘটনার পর হাসপাতালে শিশুটি |নয়া দিগন্ত

একটি নয়, দু’টি ডিম খাওয়ার আবদার ছিল মায়ের কাছে। ফুটফুটে সন্তানের আবদার পূরণে মা দু’টি ডিম ভাজিও করেছিলেন, সাথে বেগুন ভাজিও। কিন্তু মায়ের কাছে ডিম খাওয়ার আবদার পূরণ হলো না তিন বছরের ছোট্ট শিশু লিমনের।

ট্রলির শব্দ শুনে ছোট্ট শিশু লিমন বাড়ি থেকে বের হয়ে মুহূর্তেই লাশ হয়ে ফিরলো বাড়িতে। বালুবাহী ট্রলির ধাক্কায় নিহত হয় তিন বছরের শিশু লিমন। তার বাড়িতে এমনই আর্তনাদ করেন পরিবার-পরিজনসহ আত্মীয়-স্বজনরা।

ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে।

রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে। দুই সন্তানের মধ্যে লিমন ছিল ছোট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে খেলার সময় ট্রলির পেছনে দৌঁড়াতে গিয়ে ধাক্কা লেগে লিমনের মাথা, নাক, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ কালডাঙ্গা গ্রামবাসী।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’