হিলি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, রাতে করতোয়া নদীতে একটি লাশ ভাসতে দেখে কয়েকজন বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। পরে পুলিশে খবর দেয়া হলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় দুই দিন আগে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। করতোয়া নদীর উজান থেকে স্রোতের সাথে ভেসে আসার পর লাশটি নদীর একটি বাঁকে আটকা পড়ে। উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর হলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি কীভাবে এবং কোথা থেকে নদীতে এসেছে, কিংবা তার মৃত্যু কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কিশোরীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মঙ্গলবার লাশটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি বলেন, ‘পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।’



