চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘জেলা প্রশাসনের প্রতিটি কাজে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করছেন। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতির দিক থেকে খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে চুয়াডাঙ্গা জেলা। আগামী দিনেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, এনএসআই চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম পরিচালক শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান।
এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মুহা: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানি আকবরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট জামে মসজিদের ইমাম ক্বারী কবীর আহম্মেদ। দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



