বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, বিষয়টি জনমনে নানা ধরনের আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। একজন নির্বাচিত সংসদ সদস্য ও জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে এমন খবর প্রকাশিত হওয়ায় তার শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিবৃতিতে তারা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।
নেতৃবৃন্দ শাহজাহান চৌধুরী এমপির নিরাপত্তা নিশ্চিত করা, প্রচারিত ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে জনমনের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের সাক্ষরিত বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহ দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।



