বরিশালের বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীদের বিরুদ্ধে মোস্তফা কামাল নামের এক চাকরিজীবীর পালিত ২২টি হাঁস মেরে ফেলা ও ১১টি হাঁস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের মোস্তফা কামালের বাড়িতে এ নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছে প্রতিবেশীরা।
এ ঘটনায় ওই দিন (৪ জুলাই) সকালে মোস্তফা কামালের সহধর্মিণী শাকিলা বেগম বাদী হয়ে প্রতিবেশী মৃত মঞ্জু ডাকুয়ার ছেলে মেহেদী ডাকুয়া ও তার ভাই ইমরান ডাকুয়াকে অভিযুক্ত করে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মেহেদী ডাকুয়া ও ইমরান ডাকুয়া কিছুদিন পূর্বে মোস্তফা কামালের কাছে চাঁদা দাবি করে এবং ৩০টি কলাগাছ উপড়ে ফেলে। এ সময় তারা মোস্তফার ঘর-দোর ভাঙচুরও করে। এ ঘটনায় ওই সময় তারা মেহেদী ও ইমরানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের কারণে ওই সময় থেকেই মোস্তফা ও তার পরিবারকে অব্যাহত হুমকি দিয়ে আসছিল বিবাদীরা। এরই ধারাবাহিকতায় গত ৪ জুলাই, শনিবার ভোর ৫টায় মেহেদী ও ইমরান ডাকুয়া মিলে মোস্তফা কামালের হাঁস পালার ঘর ভেঙে পনেরো হাজার টাকা মূল্যের ২২টি হাঁস নির্মমভাবে মেরে ফেলে।
এ সময় তারা সেখানে থাকা আরও ১১টি হাঁস নিয়ে যায়। পরে মোস্তফার স্ত্রী বাদী হয়ে এ ঘটনার বিচার চেয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী এ পালিত প্রাণী হাঁস মারার ঘটনাকে নিষ্ঠুর ও জঘন্যতম কাজ হিসেবে আখ্যা দিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান বলেন, ‘হাঁস মারার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।’



