রাতের খাবার খাওয়ার মাঝেই গাছচাপায় নারীর মৃত্যু

বুধবার রাত ৮টার দিকে প্রচণ্ডবেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি কাঁঠাল গাছ ঘরটির ওপরে পড়ে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
ঘরের উপর ভেঙে পড়া বিশালাকৃতির কাঁঠাল গাছ
ঘরের উপর ভেঙে পড়া বিশালাকৃতির কাঁঠাল গাছ |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে শেফালী বর্মন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেফালী বর্মন মুরাদনগর সদরের জেলে পাড়ার বাসিন্দা পরলোকগত রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।

নিহতের পরিবারের লোকজন জানান, স্বামী মারা যাওয়ার পর শেফালী বর্মন দড়িকান্দির বাপের বাড়িতে ছোট্ট একটি টিনের দো-চালা ঘরে বসবাস করতেন। দুই মেয়ের বিয়ে হওয়ায় তিনি ঘরে একাই থাকতেন। বুধবার রাত ৮টার দিকে প্রচণ্ডবেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি কাঁঠাল গাছ ঘরটির ওপরে পড়ে। এ সময় রাতের খাবার খাওয়া অবস্থায় শেফালী বর্মন গাছের নিচে চাপা পড়ে মারা যান। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।