কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত মোস্তাফিজুর রহমান নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছাপানী ইউনিয়নের কাকরা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বদরপুর গ্রামের কাজী বাড়ির সৌদি আরব প্রবাসী কাজী ওসমান ও লোকমান হোসেনের নির্মাণাধীন পাঁচতলা ভবনে মোস্তাফিজুর রহমান গত দুই বছর থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণাধীন ভবনের ছাদের সেন্টারিংয়ের বাঁশ খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এ সময় তার মাথা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়। অন্য নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, নির্মাণাধীন ভবনটির ঠিকাদার কোনো ধরনের নিরাপত্তা ছাড়া শ্রমিকদের দিয়ে ভবনের কাজ করাচ্ছেন। যার ফলে নিরাপত্তার অভাবে একজন শ্রমিককে অকালে জীবন দিয়ে হয়েছে।
নিহত মোস্তাফিজুর রহমানে মামা আবদুর রাজ্জাক বলেন, ‘ভবনের মালিকের সাথে আমাদের এ ব্যাপারে কথা হচ্ছে। আমরা লাশ ময়নাতদন্ত ছাড়া বাড়িতে নিয়ে যেতে চাই।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



