কক্সবাজারের রামুতে মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচ যাত্রী।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মুরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক জাফর আলম (৪০) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁওমুখী একটি মিনিবাসের সাথে কক্সবাজারগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক জাফর আলমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রামু হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত চার থেকে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



