রাজবাড়ীর বালিয়াকান্দিতে খাজনা তোলাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইফতারের আগে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন জিলাল বিশ্বাস, শোভন বিশ্বাস, আব্দুর রহিম, জিন্নাহ ও সেলিম।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটের খাজনা আদায়ের টাকা আব্দুর রহিম শোভনের নিকট চাইলে কথা কাটাকাটি হয়। এরপর সোনাপুর পশ্চিম পাড়ার আব্দুর রহিম গ্রুপের সাথে একই গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস এবং গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিম ও তার চাচা জিন্নাহ, সেলিমসহ অন্যান্য লোকজনের ওপর হামলা করা হয়। হামলায় রহিম, জিন্নাহ, সেলিম আহত হন। পরে রহিম গ্রুপের লোকজন জিলাল বিশ্বাস ও তার ভাতিজা শোভনের ওপর হামলা চালায়। এতে জিলাল বিশ্বাস ও শোভন বিশ্বাসসহ কয়েকজন জখম হন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি।



