চৌগাছা (যশোর) সংবাদদাতা
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যপক মতিয়ার রহমান বলেছেন, মাদরাসা শিক্ষা আধুনিকায়ন করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এদেশের শিক্ষাকে বিশ্বমানের করতে সরকার বদ্ধপরিকর। আমাদের সম্পদ সীমিত কোনোভাবেই যেন রাষ্ট্রীয় এ সম্পদের অপচয় না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলের খেয়াল রাখতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সকল প্রকার অপচয় রোধ করার জোর আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয় উন্নয়ত শিক্ষিত জাতি গঠন করতে পারলে। একটি সুশিক্ষত জাতিই কেবল মাত্র একটি উন্নয়নশীল দেশ গড়ে তুলতে পরেন। সরকারের উন্নয়ন কাজ সম্পাদন করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ কর নেয়া হয়, যা কৃষক, দিনমুজুর ও শ্রমজীবি মানুষের আয়ের ওপর নির্ভর করে। সেই করের অর্থ দেশের উন্নয়নের জন্যই সরকার বিভিন্ন খাতে বরাদ্দ প্রদান করে থাকেন। কিন্তু সেই অর্থের যথাযথ ব্যবহার না হওয়ার ফলে উন্নয়ন প্রতিনিয়তই বাধাগ্রস্থ হচ্ছে। সরকার মাদরাসা শিক্ষাখাতকে আধিনিকায়ন করতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
বুধবার (১১ মার্চ) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া দাখিল মাদরাসার নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন নির্ভর করে রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বণ্টন ও যথাযথ ব্যবহারের ওপর। তাই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। কেননা এটি মানুষের কাছে আমানত স্বরূপ। প্রতিটি নাগরিকের এ আমানত রক্ষা করা উচিত।
তিনি আরো বলেন, আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ বেশি অপচয় হয় দুর্নীতির কারণে। দুর্নীতি, সমাজ ও অর্থনীতির বড় অন্তরায়। এজন্য আমারা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতেও দেবো না।
কর্মকর্তা কর্মচারীসহ সকলের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা বা নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ। রাষ্ট্র যেমন নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তার দায়িত্ব নেয়, তেমনি নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রাষ্ট্রের সম্পদের সুরক্ষা করা।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামীম রেজা, মান্দারবাড়ীয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আব্দুল মান্নান, মাদরাসার সুপার মাওলানা আব্দুর রহিম, ভবণ নির্মাতা প্রতিষ্ঠানের ঠিকাদার সাইফুর রহমান খোকন ও সেলিম রেজা, জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন, মাস্টার দাউদ হোসেন, আব্দুর রশিদ, আজিজুর রহমান দুদু, আশরাফুল ইসলাম প্রমুখ।



