মির্জাগঞ্জে বিএনপি নেতার নামে অভিযোগ ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনা উল্লেখ করে থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
সুবিদখালী বাজার সংলগ্ন মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন
সুবিদখালী বাজার সংলগ্ন মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সুজন সিকদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদর সুবিদখালী বাজার সংলগ্ন বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো: আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খোকন সিকদার ও ব্যবসায়ী মো: আব্দুল গফুর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সুজন সিকদার উপজেলাকে মাদকমুক্ত করে মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনা উল্লেখ করে থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

অভিযোগ প্রত্যাহার করে মাদকমুক্ত সমাজ গড়তে মাদক বিরোধী সামাজিক আন্দোলনে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মির্জাগঞ্জের সুবিদখালী বাজারের ব্যবসায়ী নির্মল দাসের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকার করায় রোববার সন্ধ্যায় ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সুজন সিকদার ও তার সাত থেকে আটজন সহযোগীর বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় অভিযোগ করা হয়। এছাড়া বিচারের দাবিতে সোমবার দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী নির্মল দাস।