চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, বইছে মাঝারি তাপপ্রবাহ

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে
চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় গরম এবার যেন শুরুই হলো আগুনঝরা রূপে। মৌসুমের শুরুতেই জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর সাথে বইছে মাঝারি তাপপ্রবাহ, ফলে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি আর ক্লান্তি। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে। বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, এ পরিস্থিতি আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।

দুপুর গড়াতেই শহরের রাস্তাঘাট যেন আগুন ছড়াতে থাকে। খোলা আকাশের নিচে দাঁড়ানো দায়, বাতাসও যেন গরম চুল্লির মতো মুখে এসে লাগে। কয়েকদিন আগেও যেখানে হালকা শীতের আমেজ ছিল, সেখানে হঠাৎ এমন তাপমাত্রা বৃদ্ধিতে ছন্দ হারিয়েছে জনজীবন।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌরসভার সামনে সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পিচ নরম হয়ে উঠে এসেছে। কোথাও কোথাও তা থোক থোক হয়ে গেছে। যানবাহন চলাচলের সময় সেই পিচ টায়ারে লেপ্টে গিয়ে তৈরি করছে বাড়তি ভোগান্তি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, ‘এটি চলতি মৌসুমের প্রথম মাঝারি তাপপ্রবাহ। আজ এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতি আরো কয়েকদিন থাকতে পারে।’

চুয়াডাঙ্গার আবহাওয়ার স্বভাবই চরমতার দিকে। শীতে তাপমাত্রা নেমে যায় তলানিতে, আবার গরমে দ্রুত উঠে যায় চূড়ায়। সেই চেনা চিত্রই আবারো দেখা দিতে শুরু করেছে মৌসুমের শুরুতেই।