গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামে বসতবাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন। এ সময় এক পক্ষের ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শালদহ গ্রামে রাসেল আহম্মেদ (২৫), হাকিম (৩৫), স্বপন (৩০) ও মনি (৪৫) গংদের সাথে প্রতিপক্ষ রকিবুল ইসলাম (৩২), মো. নাসিম (২৫) ও মো. মানিক (২৫) গংদের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রাসেল আহম্মেদ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় দ্বিতীয় পক্ষের রকিবুল ইসলাম, যিনি জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত, তার বসতঘরের কাঁচের জানালা, মোটরসাইকেল ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে স্থানীয়দের দাবি, প্রথম রাসেল ও স্বপন পতিত আওয়ামী লীগের কর্মী ছিলেন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাংনী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



