চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতি মামলায় দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো: আব্দুল আলিম (৪৫) উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুনিরবিল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মুছা মাঝি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানায় দণ্ডিত করা হয়। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, র্যাব আটক আসামিকে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



