মেহেরপুরের গাংনীতে শিশু ধর্ষণ চেষ্টা ও অপহরণ মামলার পলাতক আসামি শাকিল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ মে) বেলা ১১টার দিকে রামনগর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাকিল উপজেলার রামনগর গ্রামের বাগানপাড়া এলাকার মইদুল ইসলামের ছেলে।
জানা যায়, তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গত ২ এপ্রিল সকালের দিকে মাদরাসাতে কোরআন পড়তে যাচ্ছিল। পথিমধ্যে তাকে জোর করে মুখ চেপে ধরে নিয়ে পার্শ্ববতী একটি গোরস্তানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শাকিল পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন শাকিল।
গাংনী থানার তদন্ত অফিসার আল মামুন গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার শাকিলকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।’



