সারাদেশে যখন জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান চলছে সেখানে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে ‘সন্ধানী‘র ছত্রছায়ায় ছাত্রলীগের আয়োজন করা গালা নাইটের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ কর্তৃপক্ষ ওই অনুষ্ঠান সাময়িক স্থগিতের নির্দেশ দিয়েছে।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজের বিভিন্ন সূত্রে জানা যায়, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করা সংগঠন ‘সন্ধানী’ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ইউনিটের উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের নেপথ্যে কলেজের ছাত্রলীগের ইন্ধনের বিষয়টি প্রকাশ্যে হলে বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে কলেজ ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করে। এতে কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠানটি সাময়িক স্থগিতের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাময়িক স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থগিত হওয়া এ অনুষ্ঠানে ছাত্রলীগের ইন্ধনের বিষয়টি কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগের ভিত্তিতে জানা যায়।
উল্লেখ্য, কুষ্টিয়া মেডিক্যাল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। সারাদেশে যখন জুলাই জাগরণের অনুষ্ঠান চলমান সেখানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনকে কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা ভিন্ন আলামত মনে করছেন।



