কুষ্টিয়ার দৌলতপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিবুল ইসলাম উপজেলার তারাগুনিয়া এলাকার হিসনাপাড়া ফারাকপুর গ্রামের ইমান আলীর ছেলে। সে স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে রহিবুল মোটরসাইকেল চালিয়ে প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রহিবুল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, রহিবুল আমাদের বিদ্যালয়ের একজন নিয়মিত ও মেধাবী ছাত্র ছিল। এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এভাবে একটি তাজা প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



