আসন পুনর্বিন্যাসের খসড়া বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রেলপথ অবরোধের হুমকি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি আন্দোলনের কর্মসূচি আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন অনেকেই।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
আসন পুনর্বিন্যাসের খসড়া বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
আসন পুনর্বিন্যাসের খসড়া বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের খসড়ার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর। সদ্য প্রকাশিত খসড়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিজয়নগরের তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুর—কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় এই সিদ্ধান্তের প্রতিবাদে বিজয়নগরের চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বিজয়নগর থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।

সমাবেশে বক্তারা বলেন, বিজয়নগর ঐতিহ্যবাহী, রাজনৈতিক ও ভৌগোলিকভাবে সুসংগঠিত একটি উপজেলা। এখানকার জনগণ কোনোভাবেই তিনটি ইউনিয়ন কেটে ভিন্ন আসনে যুক্ত করার সিদ্ধান্ত মেনে নেবে না।

তারা বলেন, এ সিদ্ধান্ত বিজয়নগরবাসীর আত্মমর্যাদায় আঘাত করেছে। বক্তারা অবিলম্বে খসড়া বাতিল করে পূর্বের আসনবিন্যাস পুনঃবহালের দাবি জানান। অন্যথায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকি দেন তারা।

বক্তব্যে আরো উঠে আসে, বিজয়নগর উপজেলাকে একটি স্বতন্ত্র সংসদীয় আসনে উন্নীত করারও জোর দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খসড়ার বিরুদ্ধেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি আন্দোলনের কর্মসূচি আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন অনেকেই।

সমাবেশে উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাষ্টু সরকার, ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের, যুবদলের সভাপতি সোহাগ খন্দকার, ইসলামী আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, হাজিপুরের জনপ্রিয় মেম্বার জলফু, হরষপুর ইউনিয়ন জামায়াত সভাপতি মো: ইব্রাহিম এবং ইছাপুরা ইউনিয়ন জামায়াত সভাপতি আমিন মেম্বার।

উল্লেখ্য, গত বুধবার নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানা পরিবর্তন করে একটি খসড়া গেজেট আকারে প্রকাশ করেছে। এই খসড়ার বিরুদ্ধে আপত্তি ও দাবি জানানোর শেষ সময় ১০ আগস্ট পর্যন্ত। পরবর্তীতে শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।