মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) ও রাজধানীর মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj

মুন্সীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যাললের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) ও রাজধানীর মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী সোপানের দাদা বাড়িতে বেড়াতে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন শিক্ষার্থী বাড়ির চারতলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরে গোসল করতে নামেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম ঢালী জানান, গোসলের একপর্যায়ে সাঁতার না জানা আজওয়াদ পা পিছলে পানিতে তলিয়ে যেতে থাকেন। তাকে উদ্ধার করতে গিয়ে সোপানও পানিতে ডুবে যান। পরে অন্য শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, “ঢাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”