খাগড়াছড়িতে এক মঞ্চে ১০ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

গণভোটে ‘হ্যা’ কিংবা ‘না’-এর পক্ষে অবস্থান সুস্পষ্ট না করে জনগণের বিকল্প চয়েজের ব্যবস্থা না রাখায় প্রশ্ন তোলেন বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়া। অন্যদিকে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নে তার প্রতীক দাঁড়িপাল্লার পাশাপাশি ‘হ্যা’-তে ভোট দেয়ার অনুরোধ জানান।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
‘জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থীর অঙ্গীকারনামা ঘোষণা
‘জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থীর অঙ্গীকারনামা ঘোষণা |নয়া দিগন্ত

পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাট, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থা, পর্যটন, নারী ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেছেন খাগড়াছড়ি ২৯৮ আসনের প্রতিদ্বন্দ্বী ১০ জন সংসদ সদস্য প্রার্থী।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলের সামনে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে প্রার্থীরা একসাথে হাত উচিয়ে ও অঙ্গিকারনামায় স্বাক্ষর করে ভোটারদের তাদের অঙ্গিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। শুরুতে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরা হয়। এরপর লটারির মাধ্যমে প্রার্থীরা পাঁচ মিনিট করে বক্তব্য দেয়ার সুযোগ পান।

প্রার্থীরা এ সময় নির্বাচিত হলে কী করবেন সে প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। প্রার্থীদের পাশাপাশি উপস্থিত নাগরিক সমাজকে কালো টাকার মালিক, ঋণ খেলাপী, দুর্নীতিবাজ, অসৎ ও অযোগ্যদের ভোট না দিতে শপথবাক্য পাঠ করানো হয়।

প্রত্যেক প্রার্থী জনতার তিনটি করে প্রশ্নের মুখোমুখি হন। গণভোটে ‘হ্যা’ কিংবা ‘না’-এর পক্ষে অবস্থান সুস্পষ্ট না করে জনগণের বিকল্প চয়েজের ব্যবস্থা না রাখায় প্রশ্ন তোলেন বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়া। অন্যদিকে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নে তার প্রতীক দাঁড়িপাল্লার পাশাপাশি ‘হ্যা’-তে ভোট দেয়ার অনুরোধ জানান।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি আসনে বিভিন্ন দলের মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।