ফেনীতে ধানের শীষে ভোট দেয়ায় তালাক, সেই নারীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
তালাকপ্রাপ্ত বিবি জহুরাকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি
তালাকপ্রাপ্ত বিবি জহুরাকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি |নয়া দিগন্ত

ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তার তিন সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরতলীর ধর্মপুর গ্রামে জহুরার শশুর বাড়িতে গিয়ে এ ঘোষণা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।

নিষেধ অমান্য করে ভোট দেয়ায় জহুরাকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মৌখিকভাবে তালাক দেন তার স্বামী স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন কাওসার।

এরপরই জহুরার সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নেয় বিএনপি। এছাড়া বিএনপি নেতারা জহুরার সংসার পুনঃস্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।

তারেক রহমানের নির্দেশে শনিবার ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকসুদুল মোমিন মিথুন, সদস্য মোস্তাকিম বিল্লাহ, সাকিল আহমেদ, আবদুল্লাহ আল মেজবাহ প্রমুখ জহুরার স্বামীর বাড়ি ধর্মপুরে যান।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপি কেন্দ্রীয় সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাসির উদ্দিন ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ও যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালসহ স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

কৃষিবিদ মোকসুদুল মোমিন মিথুন বলেন, তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা নিয়ে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ জহুরার স্বামীর বাড়িতে হাজির হই। এ সময় জহুরার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। তার তিন সন্তানের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়া হয়।

তিনি বলেন, প্রতি মাসে পরিবারের খরচের অর্থ জহুরার কাছে পৌঁছে দেবে সংগঠনের পক্ষ থেকে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে জহুরাকে বসবাসের জন্য একটি নতুন ঘর তৈরি করে দিবে আমরা বিএনপি পরিবার।

এর আগে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জহুরার সাথে দেখা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় জহুরা, তার শাশুড়ি ও স্থানীয়দের সাথে কথা বলে পাশে থাকার কথা জানান। এরপরই বিষয়টি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনা হয়। খবর পেয়ে আমরা বিএনপি পরিবারকে ফেনীতে পাঠান তারেক রহমান।

জহুরার শাশুড়ি শরীফা খাতুন জানান, তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। কাওসার ঘরে ফিরতে হলে জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।

এর আগে, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন।