শিগগিরই খুলে দেয়া হবে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী

‘বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সংস্কৃতিমন্ত্রী
কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সংস্কৃতিমন্ত্রী |নয়া দিগন্ত

‘সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেয়া হবে’ বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১০ জুলাই) কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘরের উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে।’

একই সাথে লাখ লাখ কোটি টাকা লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

পরিদর্শনকালে তিনি কুমিল্লা ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহার ঘুরে দেখেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, ‘প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’