ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লষ্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে যুবদলের হামলায় জামায়াতকর্মী জয়নাল আবেদীন দুলাল আহতের পরদিন তার মা রৌশন আরা বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় একদিকে শোক অন্যদিকে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হীরাপুর গ্রামের নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার পরই তিনি ইন্তেকাল করেন।
স্বজনরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে দেশে ফিরেন জামায়াতে ইসলামীর কর্মী জয়নাল আবদীন দুলাল। শুক্রবার সন্ধ্যায় সিলোনীয়া বাজারে তাকে একা পেয়ে হামলা করেন হাসান, মামুন, জয়সহ কয়েকজন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ছেলেকে মারার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন বৃদ্ধা মা রৌশন আরা। সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দুলাল ছাড়াও তার অপর দুই ছেলে বর্তমানে প্রবাসে রয়েছেন।
জয়নাল আবেদিন দুলাল বলেন, ‘আমার উপর যেভাবে হামলা করা হয়েছে, মারধর করছে। আমার আম্মু এমনিই অসুস্থ, আমাকে মারার বিষয়ে শুনে উনি আরো অসুস্থ হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন।’
তার জেঠাতো ভাই সৌদি প্রবাসী আব্দুল মুমিন বলেন, ‘ভোটের সময়ে সবাই আমরা এলাকায় আছি। সবাই যার যার মতো ভোট দিয়েছে। হঠাৎ করে হাসানসহ আমাদের এলাকার দুই-তিনজন ছেলে দুলালকে মারধর করে হাত ভেঙ্গে দেয়। দুলাল এক সপ্তাহ পূর্বে আসছিলেন। তার মা অসুস্থ ছিল (ক্যান্সার আক্রান্ত)। চিকিৎসার জন্যই আসছিলেন। কিন্তু শনিবার খবর শুনে তিনি আজ হার্ট অ্যাটাকে মারা যান। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু যুবদলকর্মী হাসান জামায়াতকর্মী দুলালকে মারধর করে আহত করে। এ ঘটনা সহ্য করতে না পেরে তার মা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।’
এদিকে, খবর পেয়ে ওইদিন রাতে দুলালকে হাসপাতালে দেখতে যান ফেনী-৩ আসনের জামায়াতের প্রার্থী ডা: মোহাম্মদ ফখরুদ্দীন মানিক। তিনি বলেন, ‘দুলালকে হত্যার উদ্দেশে বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। চোখ, হাতসহ শরিরের বিভিন্ন অংশ জখম করা হয়েছে।’
ঘটনাটি প্রশাসন ও প্রতিপক্ষ প্রার্থীকে অবহিত করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি জঘন্য সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘রাজনৈতিক প্রতিহিংসার বলি এক অসহায় মা!, ফেনী-৩ আসনের সিলোনিয়ায় প্রবাসফেরত জামায়াত কর্মী দুলালের ওপর বিএনপি নেতা মামুন, জয় ও হাসানের নেতৃত্বে বর্বরোচিত হামলা চালানো হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরা এক প্রবাসীর ওপর এমন প্রাণঘাতী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। নিজের সন্তানের ওপর এমন নৃশংস হামলার খবর সইতে না পেরে আজ স্ট্রোক করে ইন্তেকাল করেছেন দুলালের সম্মানিত মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে সন্তানের আর্তনাদ, অন্যদিকে মায়ের চিরবিদায়- এই শোকের বিচার কি আমরা পাবো?’
অপরদিকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতকর্মী ও প্রবাসী জয়নাল আবেদীন দুলালের মা রৌশন আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি দুলালের সাথে ফোনে কথা বলে তাকে সান্ত্বনা দেন এবং তার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, ভুক্তভোগী পরিবার এজাহার জমা দিয়েছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।



