দুর্নীতির মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক চার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন খুলনার আদালত। বুধবার খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আদীব আলী দুটি মামলার রায়ে এ সাজা দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত দুটি মামলায় তিন আসামিকে ৩০ বছর করে এবং অপর একজনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সাথে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরো দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর মো. মোফাককার হোসেন মনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর শাখার ১৯৩ জন গ্রাহকের প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৩০ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করে।
প্রথম মামলায় ১২৬ জন গ্রাহকের ৫ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. ইনছার আলী, মমতাজ পারভিন ও রণেশ বিশ্বাসকে দুটি ধারায় ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর মামলায় ৬৭ জন গ্রাহকের ৩ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় রণেশ বিশ্বাস, ইনছার আলী ও রুনা লায়লাকে দুটি ধারায় ১৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। ফলে দুটি মামলায় ইনছার আলী ও রণেশ বিশ্বাসের মোট সাজা দাঁড়িয়েছে ৩০ বছর করে। রুনা লায়লা একটি মামলায় ১৫ বছরের কারাদণ্ড পেয়েছেন।
দুটি মামলায় আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ টাকা আসামিদের জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রত্যেককে আরো দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।



