চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী দেখছে

বন্যার সময় সরকারি সফরে বিদেশে থাকায় এলাকায় আসতে না পারার জন্য স্থানীয়দের কাছে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনিবার্য কারণে সে সময় উপস্থিত থাকতে পারিনি, তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং পুনর্বাসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

Location :

Chakaria

কক্সবাজার অফিস ও চকরিয়া সংবাদদাতা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত সাবেক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর হেফাজতে দেয়া হয়েছে। যে আইনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার বিচার হয়েছিল, সেই আইনি প্রক্রিয়ায় তার বিষয়টি বিবেচনা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর শিকলঘাট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্ব দেয়া হচ্ছে।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আখসার খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ফাঁসিয়াখালী, ছড়াকুল, কোচপাড়া, লক্ষ্যারচর, কাকারা, মানিকপুর ও কৈয়ারবিল এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন।

তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। বন্যাকবলিত এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার জরিপ শেষে সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ অবকাঠামো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বন্যার সময় সরকারি সফরে বিদেশে থাকায় এলাকায় আসতে না পারার জন্য স্থানীয়দের কাছে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনিবার্য কারণে সে সময় উপস্থিত থাকতে পারিনি, তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং পুনর্বাসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।