চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কিশোর গ্যাং লিডার ও ‘সম্রাট বাহিনী’র প্রধান মো: সম্রাটকে (২৩) তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) আনোয়ারা থানাধীন শোলকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার সম্রাটের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে আনোয়ারা থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী মো: কামাল (৪৬) ও রুবি আক্তারকেও (৩৭) গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১১ মার্চ) দুপুরে শোলকাটা এলাকার ‘বিসমিল্লাহ কুলিং কর্নার’ দোকানের সামনে সম্রাট বাহিনীর সদস্যরা সঙ্ঘবদ্ধ হয়ে দোকান মালিকের ভাই মো: শাকিলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকান ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ মার্চ) আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় একটি পাঁচতলা ভবনে চুরি করতে গিয়ে ভবনের কার্নিশ থেকে পড়ে মো: মহিম (১৮) নামে সম্রাট গ্যাংয়ের এক সদস্যের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে।



