মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নিহত গৃহবধূ সাথী আক্তার, (ডানে) স্বজনদের আহাজারি
নিহত গৃহবধূ সাথী আক্তার, (ডানে) স্বজনদের আহাজারি |নয়া দিগন্ত

মাদারীপুরে শ্বশুরবাড়িতে সাথী আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর গ্রামে ঘটে এ ঘটনা।

স্বজনরা জানায়, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সাথে সাত মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিনদিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। রোববার সকালে সাথীর মৃত্যুর খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে গৃহবধূর মৃত্যুর পর শ্বশুরবাড়ির গোয়ালঘর থেকে পাঁচটি গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গোলাম বেপারীর বসতঘরে হামলারও আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।