সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

শনিবার দুপুরে ঝড়ো হাওয়ার সাথে আকস্মিক বজ্রপাতে হাওরে ধান কাটার সময় ওই পাঁচজনের মৃত্যু হয়েছে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
আকস্মিক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু
আকস্মিক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু |প্রতীকী ছবি

সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধর্মপাশা, দিরাই, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— ধর্মপাশা উপজেলার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮), তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) ও জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামের নুরুজ্জামান।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঝড়ো হাওয়ার সাথে আকস্মিক বজ্রপাতে হাওরে ধান কাটার সময় ওই পাঁচজনের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার প্রেক্ষাপটে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বজ্রপাতে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদোনা জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি নিহতের পরিবারের খোঁজ নিয়ে সরকারি বিধি মোতাবেক সহায়তার কথা জানিয়েছেন।