মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ সিলিং ফ্যান লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ফকির বাবু (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বরন্ত এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত নাজমুল ফকির বাবু (২৫) মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের জহুরুল ফকিরের ছেলে। তিনি ১০ বছর ধরে রাজমিস্ত্রি ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নাজমুল তার ফুফুর বাড়িতে একটি সিলিং ফ্যান স্থাপনের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আবু রায়হান তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সংসারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিকের কাজ করে আসছেন নাজমুল। তার এক স্ত্রী, তিন বছর বয়সি এক মেয়ে ও এক মাস বয়সি এক ছেলে আছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিং ফ্যান স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই নাজমুল ফকিরের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, তার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


