সিলেট সীমান্তে আবারো এক রাতে ৭০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। বুধবার (১১ জুন) দিবাগত গভীর রাত ও বৃহস্পতিবার (১২ জুন) ভোরের দিকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ‘এক দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জনকে এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশীকে পুশইন করা হয়।
এর মধ্যে জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দুইটি পরিবারের মোট ১৭ জনকে আটক করে। তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও নয়জন শিশু রয়েছে। তারা সাতজন কুড়িগ্রাম জেলার এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এছাড়া মিনাটিলা বিওপি চারটি পরিবারের ২৩ জনকে আটক করে। তাদের মধ্যে নয়জন পুরুষ, নয়জন নারী ও সাতজন শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি দুইটি পরিবারের ১৩ জনকে আটক করেছে, যাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এছাড়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ি সীমান্ত দিয়ে চারটি পরিবারের ১৭ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও আট জন শিশু রয়েছে। তারা সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।
বিজিবি সূত্র আরো জানায়, পুশইন হওয়া এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে দীর্ঘদিন বসবাস করছিলেন। বিজিবি তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’



