শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলার দুই আসামি—পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তানিয়া বেগম ও তার শ্বশুর আব্দুস সালাম মোল্লা। তানিয়া বেগম ওই এলাকার কথিত মানবপাচারকারী আব্দুস সোবাহান মোল্লার স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের লিমন মাতুব্বর (২২) নামের এক যুবককে ১৮ লাখ টাকার বিনিময়ে সরাসরি ইতালি নেয়ার প্রলোভন দেখায় একটি মানবপাচার চক্র। চক্রটির সদস্য হিসেবে আব্দুস সোবাহান মোল্লার নাম উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ১১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন লিমন। তবে প্রথমে তাকে সৌদি আরব এবং পরে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে আরো ১২ লাখ টাকা আদায় করা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় গত ৭ এপ্রিল ভুক্তভোগীর খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা আব্দুস সালাম মোল্লা, স্ত্রী তানিয়া বেগমসহ আটজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তানিয়া বেগম ও আব্দুস সালাম মোল্লাকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম গ্রেফতার দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



