বেতাগীতে জ্বালানি তেলের সঙ্কটে ভোগান্তি

ফিলিং স্টেশন মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী তেল বিক্রি করতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Betagi
বেতাগীর একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য যানবাহন চালকদের ভিড়
বেতাগীর একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য যানবাহন চালকদের ভিড় |নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক ও ব্যবসায়ীরা। বিশেষ করে ডিজেল সঙ্কটের কারণে কৃষি, মৎস্য ও পরিবহন খাতে বড় ধরনের প্রভাব পড়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোর থেকেই মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক ও বাসের দীর্ঘ সারি লেগে আছে। অনেক পাম্পে দুপুরের আগেই তেল শেষ হয়ে যাচ্ছে। এতে দূরপাল্লার যানবাহন চলাচল কমে গেছে এবং ভাড়া বেড়ে গেছে। বেশি সমস্যায় পড়েছেন কৃষকরা। সেচ মৌসুমে ডিজেলচালিত সেচ পাম্প চালাতে না পারায় জমির বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

ফিলিং স্টেশন মালিকরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী তেল বিক্রি করতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

পেট্রোল নিতে আসা বাইক চালক জাকির হোসাইন বলেন, আমার চাহিদা ছিল পাঁচ লিটার, দুই ঘণ্টা অপেক্ষার পর এক লিটার পেলাম, তাতেও ১৫ টাকা বেশি দিতে হচ্ছে।

রোহন পরিবহন চালক ইউনুস হোসেন বলেন, লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হওয়ায় তাদের আয় কমে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: সাদ্দাম হোসেন বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।