শ্রীনগরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার বাবা

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওয়ান্ডারল্যান্ড পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Location :

Sreenagar

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের শ্রীনগরে অপহৃত মেয়েকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওয়ান্ডারল্যান্ড পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি হামলার শিকার ব্যক্তির মেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে জানা যায়, পাটাভোগ গ্রামের শহিদুল দেওয়ানের ছেলে আলভী দেওয়ান সহযোগীদের নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের বাবার দাবি, আলভী পূর্ব থেকেই তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। এ ঘটনায় তিনি শ্রীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

শুক্রবার বিকেলে ভুক্তভোগী খবর পান, তার মেয়ে আলভী দেওয়ানের সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্কে অবস্থান করছে। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে মেয়েকে দেখতে পান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ পার্ক কর্তৃপক্ষকে মেয়েটিকে সেখানে আটকে রাখতে বলে।

মেয়েটির বাবা অভিযোগ করেন, কিছুক্ষণ পর আলভী দেওয়ান তার পরিবারের সদস্যসহ ১০-১২ জনকে নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে মারধর করে মেয়েকে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আলভী দেওয়ান, শহিদুল দেওয়ান, ফয়সাল দেওয়ান, ইমরান হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শ্রীনগর থানার ডিউটি অফিসার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।