গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

‘জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার পুরনের অংশ হিসেবে সারাদেশে আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতালগুলোকে আধুনিকীকরণ অব্যাহত রয়েছে।’

জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী |নয়া দিগন্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, ‘শীঘ্রই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে উন্নীত করে ১০০ শয্যায় রূপান্তর করা হবে।’

তিনি বলেন, ‘গৌরনদীতে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি গয়নাঘাটায় অবস্থিত মা ও শিশু কেন্দ্রটি পুনরায় সচল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।’

সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার পুরনের অংশ হিসেবে সারাদেশে আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতালগুলোকে আধুনিকীকরণ অব্যাহত রয়েছে।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যসেবার মান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। ‎স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। এছাড়া চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যা ও অভিজ্ঞতার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎‎পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস বা জলাতঙ্ক ভ্যাকসিন ভ্যাকসিন না থাকার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেইসাথে আগামীকাল মঙ্গলবারের (১২ মে) মধ্যে রেবিস বা জলাতঙ্ক ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করেন। তার এই তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় রোগী ও স্বজনদের মাঝে উৎফুল্লতা ফিরে আসে।

‎‎এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি) খাইরুল আলম সুমন, বরিশালের সিভিল সার্জন ডা: মনজুর ই এলাহী, ডেপুটি সিভিল সার্জন ডা: শওকত আলী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইব্রাহিম, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।