দীপন তালুকদারকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি জেলা পরিষদ পুনর্গঠন

‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯’ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনের আওতায় সরকার জেলা পরিষদের এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
দীপন তালুকদার দীপু ও অ্যাডভোকেট মামুনুর রশিদ
দীপন তালুকদার দীপু ও অ্যাডভোকেট মামুনুর রশিদ |সংগৃহীত

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯’ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনের আওতায় সরকার জেলা পরিষদের এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে। চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত দীপন তালুকদার দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০২৩ সালে ঘোষিত জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সভাপতির দায়িত্ব পান।

নতুন গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠী ও স্থানীয় সমাজসেবকদের মধ্য থেকে আরো ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে যারা রয়েছেন

​১. দীপন তালুকদার (চেয়ারম্যান) ২. শাশ্বত চাকমা (সদস্য) ৩. বিল্টু চাকমা (সদস্য) ৪. সুবিমল চাকমা (সদস্য) ৫. অনিল বরণ চাকমা (সদস্য) ৬. উথোয়াইমং মার্মা (সদস্য) ৭. পাইচিং মং মার্মা (সদস্য) ৮. প্রেমা তালুকদার (সদস) ৯. তিমথী খিয়াং (সদস্য) ১০. সুপর্ন দেব বর্মন (সদস্য) ১১. মোহাম্মদ মামুনুর রশিদ (সদস্য) ১২. মো: তোফাজ্জল হোসেন (সদস্য), ১৩. মোহাম্মদ ফারুক (সদস্য) ১৪. নন্দিতা দাশ (সদস্য) ও ১৫. চন্দা চাকমা (সদস্য)।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করে জারি করা এই প্রজ্ঞাপনে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রাঙ্গামাটি জেলা জাতীয়তাবাদী দল- বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু এবং ১৫ সদস্যের মধ্যে রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ সদস্য নিযুক্ত হয়েছেন।

একই প্রজ্ঞাপনে গত ৭ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে গঠিত কৃষিবিদ কাজল তালুকদারের নেতৃত্বাধীন আগের ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করা হয়েছে।

পাহাড়ের উন্নয়ন ও শান্তির প্রত্যাশা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের খবরে পাহাড়ের প্রশাসনিক ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। জেলা পরিষদ পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন এবং কাপ্তাই হ্রদকেন্দ্রিক অর্থনীতির তদারকিতে মূল ভূমিকা পালন করে। ফলে নতুন জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বের মাধ্যমে পরিষদ বহুমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি পাবে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ।

স্থানীয় সচেতন মহলের মতে, পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গম অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণে নবগঠিত পরিষদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পাহাড়ের প্রান্তিক জনগণের জন্য একটি কার্যকর ও জনবান্ধব প্রশাসনিক পরিবেশ গড়ে তোলাই হবে নতুন এই জেলা পরিষদের প্রধান অঙ্গীকার।