নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নোবিপ্রবির অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, আগামী ৫০ বছরের প্রয়োজন বিবেচনায় নোবিপ্রবিকে একাডেমিক, গবেষণা ও অবকাঠামোগতভাবে এগিয়ে নিতে একটি দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ভবিষ্যতে কোন কোন স্নাতক কোর্স চালু করা হবে এবং সে অনুযায়ী শিক্ষার্থীদের প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি এ পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।
তিনি আরো বলেন, মাস্টার প্ল্যান চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গ্রহণ করা হচ্ছে, যাতে একটি গ্রহণযোগ্য, কার্যকর ও আধুনিক পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হয়।
এ সময় তিনি কনসালটেন্সি ফার্মকে ওশানোগ্রাফি, পদার্থবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষকদের পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কনসালটেন্সি ফার্মের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।



