কর্ণফুলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

সকালে সাইকেলযোগে কোচিংয়ে যাওয়ার পথে একটি মালবাহী পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত
পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত |প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো: সাদিকুজ্জামান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুজ্জামান বড়উঠান ইউনিয়নের মৌলভি বাড়ির মরহুম জালাল উদ্দিনের ছেলে। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইকেলযোগে কোচিংয়ে যাওয়ার পথে একটি মালবাহী পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনূর আলম জানান, পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।