বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতার বাজার বণিক সমবায় সমিতি রমজান মাস উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে। ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার অধিকাংশ মানুষ। রমজানের পুরো মাসজুড়ে এ বাজারে দিনের বেলা খাবার হোটেল, চায়ের দোকান প্রকাশ্যে খোলা রাখা যাবে না। রমজান মাসে চিতার বাজারের ভেতরে প্রকাশ্যে ধুমপান করা যাবে না। যদি কেউ এরকম করে তাহলে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান মাসের গুরুত্ব সম্পর্কে চিতার বাজার বণিক সমবায় সমিতির মাসিক মিটিংয়ে এই সব সিদ্ধান্ত হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে চিতার বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো: জামাল উদ্দিন নয়া দিগন্তকে বলেন, রমজান মাস উপলক্ষে কোনো অতিরিক্ত মুনাফায় বেচাকেনা করা যাবে না। যদি কেউ এমনটা করে তাহলে গঠনতন্ত্র অনুয়ায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে নজরদারী বাড়ানোর কথা জানান তিনি। এবং সার্বক্ষণিক বাজার মনিটারিং টিম থাকবে।
চিতার বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: শাকিল মোল্লা নয়া দিগন্তকে বলেন, কাল থেকে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এ উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা সিদ্ধান্ত নিয়েছি দিনের বেলায় এ বাজারের হোটেল, রেস্টুরেন্ট, চা দোকান প্রকাশ্যে খোলা যাবে না। কোনো দোকানের মালিক এ আদেশ অমান্য করলে বাজার সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



