রামুতে বিদেশী পিস্তল-গুলিসহ পিকআপচালক আটক

পুলিশের একটি টিম নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের কাউয়ারখোপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি মিনি পিকআপ চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Ramu
বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিন জব্দসহ আটক পিকআপচালক, (ডানে) আটককৃত পিকআপ
বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিন জব্দসহ আটক পিকআপচালক, (ডানে) আটককৃত পিকআপ |নয়া দিগন্ত

কক্সবাজারের রামুতে মিনি পিকআপে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক চালককে আটক করেছে রামু থানা পুলিশ। চেকপোস্টের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় পিকআপটি তাড়া করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রামু থানার সামনের সড়ক থেকে আসামি ও অস্ত্র উদ্ধারসহ মিনি পিকআপটি জব্দ করা হয়।

আটক পিকআপ চালকের নাম মো: সোহেল (২৭)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায় ও রামু থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে পুলিশের একটি টিম নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের কাউয়ারখোপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি মিনি পিকআপ চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সাথে সাথে গাড়িটির গতিপথ অনুসরণ করে রামু থানার সামনে (হাজারীকুল এলাকায়) ব্যারিকেড দিয়ে আটক করে।

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের সিট সংলগ্ন স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানি থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ ও একটি বাটন মোবাইলফোন জব্দসহ চালক সোহেলকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টের সঙ্কেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি পিকআপ তাড়া করে অস্ত্রসহ চালককে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেইসাথে তার সাথে অন্য কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।