ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে ঢাকাগামী একটি ডাব বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৪টার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপের তিনজনের মধ্যে দুইজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পিকআপটি শিবচরের মোল্লার বাজার নামক স্থানে আসলে সড়কের ওপর চাকা পাংচার হয়ে উল্টে যায়। এ সময় পেছনে দ্রুতগতির কোনো পরিবহন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান পিকআপ চালক। তবে গাড়ি উল্টে সড়কের ওপর পড়ে থাকলে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পিকআপ চালক মামুন শেখ জানান, ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার শাহবাগে যাচ্ছিলাম। হঠাৎ চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে যায় সড়কের ওপর। ডাব পড়ে ছড়িয়ে থাকে সড়কে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান বলেন, অতিরিক্ত মালামাল বহনের কারণেই পিকআপটি উল্টে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়েছে। আমরা পিকআপটি সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করি।



