নগরবাসীর কল্যাণে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, ‘মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামীতে প্রশাসক কাপ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ ও ফুটসাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।’
রোববার (৩০ আগস্ট) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১৪তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাসিক প্রশাসক বলেন, ‘২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের রাসিকের উদ্যোগে সংবর্ধনা দেয়া হবে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরীতে সিসি ক্যামেরা সংযোজন করা হচ্ছে। পাশাপাশি মসজিদ-মাদরাসা, মন্দির ও গির্জার উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘রাজশাহী কেন্দ্রীয় উদ্যান, চিড়িয়াখানা ও শহীদ জিয়া শিশুপার্কের উন্নয়ন ও আধুনিকায়ন, আধুনিক স্লটার হাউস নির্মাণ এবং পদ্মার মিডল চরকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
সভায় নাগরিক সেবা আরো ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন রাসিক প্রশাসক। একইসাথে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নগরীর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য কার্যক্রম আরো কার্যকর করতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় গত ৩০ জুন অনুষ্ঠিত কমিটির ১৩তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ করা হয়। এছাড়া ১৪ জুলাই অনুষ্ঠিত শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির ৫ম ও ৬ষ্ঠ সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন করা হয়। পাশাপাশি ২১ জুলাই অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির মাসিক সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন করা হয়।
এছাড়া ৬ নম্বর ওয়ার্ড কার্যালয় ও নওদাপাড়া কাঁচাবাজার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লক্ষ্মীপুর-কাশিয়াডাঙ্গা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, রাজশাহীর অবশিষ্ট মূল্য পরিশোধসহ জমি রেজিস্ট্রির ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি জেলা প্রশাসক আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে রাসিক ফুটবল দল পরিচালনা ও প্রয়োজনীয় ব্যয় অনুমোদনের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরসহ রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান, পরিবেশ অধিদফতর রাজশাহীর উপপরিচালক মোসা: তাছমিনা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপপরিচালক আব্দুস সালাম, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালক আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা।



