গাংনীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় কৃষক নিহত

ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে কন্টেইনার হাতে মহাসড়কে ওঠার মুহূর্তেই একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
ট্রাকের ধাক্কায় কৃষক নিহত
ট্রাকের ধাক্কায় কৃষক নিহত |প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আওরঙ্গজেব শেখ (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। ফিলিং স্টেশনে তেল নিতে এসে শেষ পর্যন্ত আর ঘরে ফেরা হলো না তার।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বামন্দী এলাকার কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে কন্টেইনার হাতে মহাসড়কে ওঠার মুহূর্তেই একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নেন। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানান, বামন্দীর মতিয়ার রহমান হাজীর সৌখিন এন্টারপ্রাইজ নামের ওই ট্রাকটি মিস্ত্রি মামুন মেরামতের পর রাস্তায় ট্রায়াল দিচ্ছিল। কিন্তু সেই ট্রায়াল ছিল নিয়ন্ত্রণহীন ও ভয়ঙ্কর। রং সাইডে দ্রুতগতিতে চালানোর সময় ব্রেক করতেই ট্রাকের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর সেই বেপরোয়া গতির বলি হন নিরীহ কৃষক আওরঙ্গজেব শেখ। একই ঘটনায় ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা চারটি মোটরসাইকেলও মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকের মিস্ত্রি মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাদের অভিযোগ, অদক্ষতা ও অবহেলার কারণে এমন একটি প্রাণহানি কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শ্যামা পদ জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় নেয়া হয়েছে।