পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও অ্যাকাডেমিক সম্প্রসারণে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে।
বিদায়ী ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: আতিউর রহমানের দায়িত্বকালীন সময়ের দৃশ্যমান পরিবর্তন যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর নিয়োগকে ঘিরেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রাবিপ্রবির নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
তিনি এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী ভিসি অধ্যাপক ড. মো: আতিউর রহমান দায়িত্ব পালনকালে নতুন অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক অবকাঠামো এবং ক্যাম্পাসের নান্দনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে উন্নয়নের এই ধারার মাঝেই প্রশাসনিক নানা বিতর্ক ও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে একটি ছাত্র সংগঠন আন্দোলনও করেছিল।
সব আলোচনা-সমালোচনার পরও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নতুন ভিসি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরো উচ্চতায় পৌঁছে দেবেন।



